মো.ইসমাইল হোসেন,নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ঘ-১১-৮০৩৭ নম্বরের একটি কালো রঙের কিয়া হার্ড জিপ আটক করে পুলিশ।
পরে গাড়িটি তল্লাশি করে পিছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকিয়ে রাখা সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০টি করে নীল রঙের পলিব্যাগ এবং প্রতিটি পলিব্যাগে ১৯৬টি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সব মিলিয়ে ৮০ হাজার ৩৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪১ লাখ ৮ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমনি হেতালিয়া পাড়া এলাকার বাসিন্দা মো. পারভেজ (৪২) ও মো. বিপ্লব (৪৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. পারভেজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM