রিকি শেখ গোপালগঞ্জ প্রতিনিধি :
আগামী ১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এ লক্ষ্যে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি র্যাব ও পুলিশের যৌথ টহল শুরু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল থেকে গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। তাদের সঙ্গে র্যাব ও পুলিশের সদস্যরাও যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে পুলিশি চেকপোস্ট। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, জেলায় প্রায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি বিজিবিও সমন্বিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করবে।
পুলিশ সুপার আরও জানান, সম্প্রতি লাইভ মিছিল সংক্রান্ত ঘটনায় কাশিয়ানী উপজেলা থেকে ১৫ জন এবং গোপালগঞ্জ সদর উপজেলা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “গোপালগঞ্জকে অন্য জেলার তুলনায় আলাদাভাবে দেখা হচ্ছে না। গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। ১৬ জুলাইকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত হন। গত বছরের সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এবার আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM