বেগমগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযান
মো.ইসমাইল হোসেন,নোয়াখালী প্রতিনিধি :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার (১৫ জুলাই) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রমজান বিবির বাজার ও চৌমুহনী বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী দোকান এবং শিশুখাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হয়। এ সময় জুলাই ২০২৬ মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে কি না এবং অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রি করা হচ্ছে কি না তা যাচাই করা হয়।
তদারকিকালে দৃশ্যমান স্থানে সেবার মূল্যতালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি না করায় রমজান বিবির বাজারের মেসার্স মোহাম্মদীয়া খাদ্য বিতানকে ৫ হাজার টাকা এবং একই অভিযোগে মেসার্স শান্ত স্যানিটারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চৌমুহনী বাজারের রেলগেইট এলাকার মেসার্স ঢাকা স্টোরে অনুমোদনহীন ও মেয়াদবিহীন শিশুখাদ্য বিক্রি এবং বিপুল পরিমাণে মজুদ রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য চূড়ান্তভাবে সতর্ক করা হয়।
অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশ নেয়। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM