
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কান্দী গ্রামের বিশ্বরোডের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পথচারীদের সন্দেহ হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশেই একটি মরদেহ পড়ে থাকতে দেখে নগরকান্দা থানায় খবর দেন।
খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
ওসি রাসুল সামদানী আজাদ বলেন, দক্ষিণ কান্দী বিশ্বরোডের পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। সিআইডির ফরেনসিক টিম পরিচয় শনাক্তের কাজ করবে। আমরা আশা করছি, মরদেহটির পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।
ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় করেন। স্থানীয়দের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের।
পুলিশ জানায়, মরদেহের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।