স্টাফ রিপোর্টার | দৈনিক নয়া কণ্ঠঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের মানবিক সহায়তার তালিকায় এক উপসহকারী কৃষি কর্মকর্তার স্ত্রী ও নিকটাত্মীয়দের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পোগলা ইউনিয়নের পাবই গ্রামের বঞ্চিত কৃষকেরা এ ঘটনায় নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে ২৪ জন কৃষক স্বাক্ষর করেছেন।
জানা গেছে, কলমাকান্দা উপজেলার আটটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ৬ হাজার ৩২০ জন কৃষকের মধ্যে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়। এর মধ্যে পোগলা ইউনিয়নে ৬৮৭ জনের নাম অন্তর্ভুক্ত ছিল।
অভিযোগে বলা হয়েছে, পোগলা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের দায়িত্বে থাকা তৎকালীন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহিনুর আলম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে নিজের স্ত্রী, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন। এ কাজে আরেক উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নূর খানের সহযোগিতার অভিযোগও করা হয়েছে।
গত ১৭ জুন বিতরণ করা প্রণোদনায় প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে ৬ হাজার টাকা নগদ অর্থ এবং ৩০ কেজি চাল দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, তালিকায় শাহিনুর আলমের স্ত্রীর নাম বাবার পরিচয়ে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া তার বড় ভাইয়ের স্ত্রীসহ নিকট আত্মীয়দের একাধিক নামও তালিকায় রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী কৃষকদের দাবি, এটি শুধু এবার নয়; অতীতেও বিভিন্ন কৃষি প্রণোদনা, বিনামূল্যের সার ও বীজ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। তারা অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. শাহিনুর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অপর কর্মকর্তা মো. নূর খানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তালিকা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার স্ত্রীর নাম বাদ দেওয়া হয়েছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বরাদ্দের অর্থও ফেরত এনে প্রকৃত উপকারভোগীকে দেওয়া হবে। একই সঙ্গে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং তাদের অন্য ইউনিয়নে বদলি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম জানান, অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM