বেতন-ভাতা ও চাকরি সরকারীকরণের দাবিতে রাজশাহীতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসূচি -
দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং চাকরি সরকারীকরণের দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই (আর্টিফিশিয়াল ইনসেমিনেশন) টেকনিশিয়ান কল্যাণ সমিতির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) দুপুর ১২টা থেকে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার টেকনিশিয়ানরা ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেন। তারা বেতন-ভাতা প্রদান, চাকরি সরকারীকরণ এবং দীর্ঘদিনের বৈষম্য দূর করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মাঠপর্যায়ে গবাদিপশুর কৃত্রিম প্রজনন, জাত উন্নয়ন এবং দেশের দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে এআই টেকনিশিয়ানদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ দীর্ঘদিন ধরে তারা নিয়মিত বেতন-ভাতা থেকে বঞ্চিত। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তারা অভিযোগ করেন, প্রায় ৩০ বছর ধরে দেশের প্রাণিসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করলেও আজও তারা স্থায়ী চাকরি ও ন্যায্য পারিশ্রমিক পাননি। আগে মাসিক দুই হাজার টাকা সম্মানী দেওয়া হলেও সেটিও বন্ধ হয়ে গেছে। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, "আমরা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে খামারিদের দোরগোড়ায় কৃত্রিম প্রজনন সেবা পৌঁছে দিচ্ছি। কিন্তু আজ আমাদের নিজেদের পরিবারই অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে। এটি কোনো শখের আন্দোলন নয়, বরং টিকে থাকার সংগ্রাম।"
তাদের দাবি, গত অর্থবছরে প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে সরকারি রাজস্বে প্রায় ১২ কোটি টাকা জমা হলেও সেই খাতের কর্মীরা আজও বেতন-ভাতা থেকে বঞ্চিত। বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং চাকরি সরকারীকরণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে। এ সময় মাঠপর্যায়ে কৃত্রিম প্রজনন সেবাও বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির রাজশাহী জেলা সভাপতি মো. মাসুদ রানা, নওগাঁ জেলা সভাপতি মোস্তাক আহম্মেদ, নাটোর জেলা সভাপতি এস. এম. কায়কোবাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি হাফিজুর রহমানসহ চার জেলার নেতৃবৃন্দ ও সদস্যরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM