জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
বনখুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনা নিহতদের মরদেহ ময়নাতদন্তে, ট্রাক জব্দ
জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশাচালক তৌহিদ হোসেন (বাসিন্দা: পাঁচবিবি উপজেলা) এবং অজ্ঞাতপরিচয় এক নারী। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর বাড়ি পাঁচবিবী উপজেলার বীরনগর গ্রামে।
আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনির। অপর দুই আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জয়পুরহাট শহরের উদ্দেশে রওনা দেয়। পথে বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক তৌহিদ হোসেন ও এক নারী যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও পাঁচজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM