মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধ মিলমালিককে হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করে ভেতরের মালামাল লুট করে নিয়ে গেছে তারা।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৭টার মধ্যে কোনো একসময় উপজেলার নবগঠিত বেতগাড়ী ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই মিলমালিকের নাম মোহাম্মদ আলী সরকার (৬৫)। তিনি ফেনীগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছির উদ্দিন সরকারের ছেলে।
জানা গেছে, মোহাম্মদ আলী প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য বাড়ি থেকে পাশে নিজের মিলে যান। সোমবার সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী ডাবইর গ্রামের আতোয়ার নামের এক ব্যক্তি ওই মিলে মরিচ ভাঙাতে আসেন। তিনি মিলের বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় ভ্যানচালক আব্দুল আজিজকে বিষয়টি জানান।
পরে ওই ভ্যানচালক মোহাম্মদ আলীর বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন মিলে গিয়ে পিছনের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে তারা দেখেন, ঘরের চৌকির ওপর মোহাম্মদ আলীর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। তার মাথার পেছনে ও মুখে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। এ সময় মিলের ৩ বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, প্রাথমিক আলামতে মনে হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা মিলে ঢুকেছিল। চিনে ফেলার আশঙ্কায় মাথায় আঘাত করে ওই মিলমালিককে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM