মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক বৃদ্ধা মাকে নিজের নামে জমি লিখে নেওয়ার পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। অসহায় ওই মায়ের মানবেতর জীবনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানবিক উদ্যোগ নেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। তাঁর উদ্যোগে ঘরছাড়া বৃদ্ধা আবারও নিজের ভিটায় ফিরতে সক্ষম হন।
জানা গেছে, উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া বাজারসংলগ্ন এলাকার ওই বৃদ্ধা দীর্ঘদিন ভিক্ষা করে ছেলেকে মানুষ করেন। বার্ধক্যে উপনীত হওয়ার পর তাঁর শেষ সম্বল একখণ্ড জমি ছেলে নিজের নামে লিখে নেন। এরপর থেকেই মায়ের প্রতি অবহেলা ও মানসিক নির্যাতন শুরু হয়। একপর্যায়ে তাঁকে বাড়ির বাইরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানাজানি হলে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন এবং তাঁর নিজ ভিটায় নিরাপদে থাকার ব্যবস্থা করে দেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে। তাঁদের ভাষ্য, একজন সরকারি কর্মকর্তা হয়েও শিবু দাশ যে মানবিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তা সমাজের জন্য অনুকরণীয়। তাঁদের মতে, বৃদ্ধার জন্য এটি শুধু একটি ঘরে ফিরে যাওয়া নয়; বরং নতুন করে সম্মান ও নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকার সুযোগ।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই ছোট্ট উদ্যোগ যদি একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারে, সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানবতার হাতই পারে একটি জীবন বদলে দিতে।”
উল্লেখ্য, এর আগেও অসহায় ও দরিদ্র এক শিক্ষার্থীর পড়ালেখার জন্য বই কিনে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শিবু দাশ। তাঁর এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM