রাসিকের প্রকৌশল বিভাগের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত,যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের
রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত নগর সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, সততা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে প্রত্যেককে নিজ নিজ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনে কোন অবহেলা করা যাবে না। ভালো কাজের জন্য রয়েছে পুরস্কার।
রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন এ দেশটাকে এগিয়ে নিতে। তিনি আমাকে এ মহানগরীর উন্নয়নে কাজ করার দায়িত্ব প্রদান করেছেন। আপনাদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন করতে চাই।
তিনি আরো বলেন, নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে আপনাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আপনাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় আগামী ১ থেকে ২ বছরের মধ্যে এ নগরী হয়ে উঠবে দেশের অন্যতম সুন্দর নগরী।
তিনি আরও বলেন, নতুন নতুন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ণে আপনাদের ভূমিকা অপরিসীম। নাগরিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ওয়ার্ড পর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে আগামীতে সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হবার পরামর্শ প্রদান করেন তিনি।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় রাজশাহী মহানগরীতে চলমান উন্নয়ন প্রকল্পের সার্বিক তথ্য চিত্র উপস্থাপন করেন তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। সভায় রাসিকের প্রকৌশল বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM