শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের পৌলানপুটি গ্রামে ইতালি প্রবাসী এক ব্যক্তির বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ, ভাঙচুর, তালা ঝুলিয়ে দখলের চেষ্টা এবং তার বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে বাড়িটি পরিবারের জিম্মায় বুঝিয়ে দেয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী জাহিদ শেখের সঙ্গে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাসালিয়া গ্রামের নাসিম মল্লিকের বিদেশে পাঠানোকে কেন্দ্র করে আর্থিক লেনদেন হয়। নাসিমের দাবি, ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতিতে চুক্তিপত্রের মাধ্যমে জাহিদ শেখ তার কাছ থেকে ১২ লাখ টাকা নেন। পরে বিদেশে পাঠাতে ব্যর্থ হলেও দীর্ঘদিন টাকা ফেরত দেননি। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করেন তিনি।
জাহিদ শেখের পরিবারের অভিযোগ ওই বিরোধের জেরে শুক্রবার নাসিম মল্লিক দলবল নিয়ে তাদের বাড়িতে এসে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। এরপর জাহিদের মা দুলু বেগমকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে বাড়ির বিভিন্ন কক্ষে একাধিক তালা ঝুলিয়ে দেন। এ সময় তাকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
দুলু বেগম বলেন, ওরা দলবল নিয়ে এসে আমাকে ঘর থেকে বের করে দেয়। মারধর ও হত্যার হুমকি দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয়। পরে আমার ছেলে পুলিশে খবর দিলে পুলিশ এসে তালা খুলে দেয়।
ইতালি থেকে মুঠোফোনে জাহিদ শেখ বলেন, নাসিমের কাছ থেকে বিদেশে পাঠানোর জন্য টাকা নিয়েছিলাম। তাকে পাঠাতে না পারায় টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সুযোগ না দিয়ে তারা আমার বসতবাড়ি দখলের চেষ্টা করেছে, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে এবং আমার মায়ের ওপর নির্যাতন চালিয়েছে। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নেব।
তবে অভিযুক্ত নাসিম মল্লিক বসতবাড়িতে তালা দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিদেশে পাঠানোর জন্য টাকা দিয়েছিলাম। কথা ছিল বিদেশে পাঠাতে না পারলে বাড়ি আমাকে দিয়ে দেবে। সেই কারণে আমি বাড়িতে গিয়ে তালা ঝুলিয়েছি।
ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানার এসআই আব্দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তালা খুলে বাড়িটি পরিবারের জিম্মায় বুঝিয়ে দেয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM