লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে লোডশেডিংয়ের সময় ভবনের ছাদে উঠে অসাবধানতাবশত নিচে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আখতারুজ্জামান (১৮)। তিনি মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর বাবা আসাদুজ্জামান। পরিবারের স্থায়ী বাড়ি রাজশাহীর পবা থানায়।
জানা গেছে, রাজপাড়া থানা এলাকার মো. আমিনুল ইসলামের তিনতলা ভবনের নিচতলায় পরিবারসহ ভাড়া থাকতেন আখতারুজ্জামান। গত দুই-তিন দিন ধরে তাঁর মা বাসায় ছিলেন না।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের এক কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি দুই ভবনের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM