
মো. শারীদ মোল্লা, নয়া কণ্ঠ ডেস্ক;
রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বর্তমানে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে দক্ষ জনশক্তি তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ কর্মী তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে বর্তমান অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে রাজবাড়ী টিটিসির প্রশিক্ষণ কার্যক্রমে এসেছে উল্লেখযোগ্য গতি, আধুনিকায়ন ও সম্প্রসারণ।
একসময় সীমিত কার্যক্রমের মধ্যে আবদ্ধ থাকলেও বর্তমানে রাজবাড়ী টিটিসিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং SICIP প্রকল্পের আওতায় নানা ধরনের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া NHRDF-এর আওতায় সুইং মেশিন অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, কম্পিউটার অপারেশন, ওয়েল্ডিং, মেশিন শপ প্র্যাকটিসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর কোর্স নিয়মিত পরিচালিত হচ্ছে। জাপানে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে জাপানিজ ভাষার N5 ও N4 পর্যায়ের নিয়মিত এবং হাইব্রিড কোর্সও পরিচালিত হচ্ছে।
বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স, ড্রাইভিং RPL, বিদেশফেরত প্রবাসীদের জন্য পুনর্বাসনমূলক প্রশিক্ষণ, বিদেশগামী নারীদের জন্য হাউজকিপিং এবং সৌদি আরবগামী কর্মীদের জন্য তাকামল লোডিং-আনলোডিং কোর্স পরিচালিত হচ্ছে। পাশাপাশি প্রতিটি বিদেশগামী কর্মীর জন্য তিন দিনব্যাপী প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
এসএসসি শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাচে কম্পিউটার অপারেশন ও আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড কোর্স পরিচালিত হচ্ছে। এছাড়া SICIP প্রকল্পের আওতায় ড্রাইভিং, অটোক্যাড, গার্মেন্টস, ওয়েল্ডিং ও ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হয়েছে।
বর্তমান অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার বলেন, “রাজবাড়ী টিটিসি একটি পুরোনো ও সম্ভাবনাময় প্রতিষ্ঠান। আগে এখানে এত বৈচিত্র্যময় কার্যক্রম ছিল না। বর্তমানে আমরা প্রশিক্ষণের পরিধি অনেক বিস্তৃত করেছি। আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, বরং দক্ষ জনশক্তি তৈরি করে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বাংলাদেশ থেকে বিদেশে দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে টিটিসিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজবাড়ী টিটিসিকেও আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করছি।”
তিনি আরও বলেন, “যুগোপযোগী প্রশিক্ষণ, আধুনিক ল্যাব, দক্ষ প্রশিক্ষক এবং কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে রাজবাড়ী টিটিসিকে একটি মডেল টিটিসিতে রূপান্তর করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”
স্থানীয়দের মতে, অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। নতুন নতুন প্রশিক্ষণ কোর্স চালু, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে তাঁর নেতৃত্ব ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।