মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসের সূচনায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার নাঈমুল হাছান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী ঈষা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা এবং মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে সরকার, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
র্যালি ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিবসটির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং সমাজকে মাদকমুক্ত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM