রাজশাহী ব্যুরোঃ
আগামী ২৮ জুন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জাতীয় কর্মসূচির অংশ হিসবে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ১১৩জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুসহ সর্বমোট ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আগামী ২৮ জুন সারাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন, শিশুর সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন এ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অপুষ্টিজনিত নানা ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা দেয়। তাই প্রতিটি শিশুর জন্য নির্ধারিত বয়স অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রাজশাহী নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান আপনার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। একটি ছোট উদ্যোগ আপনার শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন, আমরা সবাই মিলে শিশুদের অপুষ্টিমুক্ত, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।
এ সময় রাজশাহী মহানগরীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্নে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন রাসিকের ব্যবস্থাপনায় ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন ওয়ার্ড কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত ক্যাপসূল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ২ জন করে সর্বমোট ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সার্বিক তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। সংবাদ সম্মেলনে রাসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM