স্টাফ রিপোর্টার :
নীলফামারীর কিশোরগঞ্জে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা মোঃ কুরবান আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। প্রতারণা, অর্থ আত্মসাৎ ও সাইবার অপরাধের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কুরবান আলী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৌদ্ধ পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে সৈয়দপুর থানায় কুরবান আলীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ও দণ্ডবিধির একাধিক ধারায় একটি মামলা দায়ের করা হয় (এফআইআর নং-১১, জিআর নং-২৭৪/২০২৫)। মামলায় আসামীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ১৮(২)(গ), ২১(২), ২২(২), ২৪(২) ও ২৭(২)(১) ধারা অনুযায়ী ডিজিটাল অপরাধের অভিযোগ আনা হয়েছে।
সাইবার অপরাধের পাশাপাশি আসামীর বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির (পেনাল কোড) ৪১৭, ৪০৬, ৪২০, ৩৪২ এবং ৫০৬ ধারায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ, অবৈধভাবে আটকে রাখা এবং ভয়ভীতি প্রদর্শনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মতলুবর রহমান জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত কুরবান আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্য অপরাধের ধরন খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এই প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তারের খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আদালতে আসামীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM