রাজশাহী ব্যুরোঃ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।
সোমবার (২২ জুন) দুপুর ১টায় দেশজুড়ে আওয়ামী লীগের কথিত হুমকি-ধমকি, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে একটি প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে ছাত্রদলের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ গোষ্ঠী হিসেবে উল্লেখ করে তাদের সব ধরনের কার্যক্রম কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, “শেখ হাসিনা সরকারের আমলে দেশের মানুষ হত্যা, গুম, নির্যাতন ও হামলার শিকার হয়েছে। সেই কারণে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না।”
তিনি আরও বলেন, “অতীতে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা যদি কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন বা প্রত্যাবর্তনের চেষ্টা করে, তাহলে দেশের গণতন্ত্রকামী জনগণ তা মেনে নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের আলোকে যেকোনো অগণতান্ত্রিক ও জনবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তুলবে।”
ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “যারা জনগণের অধিকার হরণ করেছে এবং হত্যা-গুমের রাজনীতি করেছে, তাদের বাংলাদেশের মাটিতে স্থান হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া ২৩ জুন থেকে আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এ ধরনের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হচ্ছে।”
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM