জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এক বিদেশি (চীনা) পর্যটককে হেনস্তা এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল মাবুত নামের এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
আটককৃত ওই যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে 'হিরো নানা' নামে পরিচিত।
জানা যায়, সম্প্রতি ঐতিহাসিক এই পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা এক চীনা নাগরিকের সাথে অশোভন আচরণ করেন অভিযুক্ত আব্দুল মাবুত। সে কেবল পর্যটককে হেনস্তাই করেনি, বরং সেই ঘটনার ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং দেশের পর্যটন খাতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে।
বিষয়টি নজরে আসার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ট্যুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিট। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল মাবুত ওরফে 'হিরো নানা'কে আটক করা হয়।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নওগাঁর বদলগাছী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এবং দেশের ভাবমূর্তি রক্ষায় ট্যুরিস্ট পুলিশের এই ত্বরিত ও কার্যকর ভূমিকায় স্থানীয় সচেতন মহল এবং নেটিজেনরা স্বস্তি প্রকাশ করেছেন। দ্রুত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য ট্যুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিটকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ ভবিষ্যতে পর্যটন কেন্দ্রগুলোতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সহায়ক হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM