রাজশাহী ব্যুরোঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ঋণের বোঝা ও পারিবারিক দুশ্চিন্তা সহ্য করতে না পেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর এক ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। নিহত বিপুল কুমার সরকার (৪৩) উপজেলার পাঁকা ইউনিয়নের কৃষ্ণপুর (গালিমপুর) গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল কুমার সরকার বগুড়ার একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (১৯ জুন) রাতে কর্মস্থল থেকে বাড়িতে ফিরে তিনি পরিবারের সদস্যদের জানান যে, কোমল পানীয়ের সঙ্গে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেছেন।
ঘটনাটি জানাজানি হলে স্বজনরা দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথে রাজশাহীর বানেশ্বর এলাকায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ঋণের দায় ও আর্থিক সংকটের কারণে তিনি মানসিক চাপে ভুগছিলেন। সেই হতাশা থেকেই তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা।
খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM