শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আগুনে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
নিহত বাবুল মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে। তিনি পেশায় নসিমন চালক ছিলেন।
স্থানীয়রা জানান, বাজারে আগুন লাগার খবর পেয়ে বাবুল মোল্যা স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। এ সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে তিনি, আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ কয়েকজন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্র শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্যাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ভোররাতে ভেন্নাতলা বাজারের নুর মিয়ার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে নুর মিয়ার মুদি দোকান, সাহেব আলীর চায়ের দোকান, কেসমত আলীর সার ও কীটনাশকের দোকান, বাবর আলীর সাইকেল মেরামতের দোকান এবং জাকির মোল্যার কাপড়ের দোকান। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা সব মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রয়েল আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নেভানোর সময় দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে একজন মারা যান এবং তিনজন আহত হন। এ ঘটনায় আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM