রাজশাহী ব্যুরোঃ
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) কৌশলগত পরিকল্পনা ২০২৪-২০২৭ বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহীতে দিনব্যাপী এক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) রাজশাহী পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স হলে আয়োজিত এ কর্মশালায় রাজশাহী বিভাগ ও রেঞ্জের ৮৪ জন পুলিশ কর্মকর্তা এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অর্থ), পুলিশ সদর দপ্তর আতিয়া হুসনা উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ ক্রমেই একটি প্রযুক্তিনির্ভর ও মানবিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। বর্তমানে দেশে প্রায় ১৮ হাজার নারী পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। তাদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সক্ষমতা ও নেতৃত্ব বিকাশেও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে বিপিডব্লিউএন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে বিপিডব্লিউএনের প্রতিনিধিরা কৌশলগত পরিকল্পনার বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্র, কর্ম-জীবনের ভারসাম্য, ডিজিটাল নিরাপত্তা এবং প্রযুক্তি ব্যবহার করে জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলার বিষয়ে বিষয়ভিত্তিক অধিবেশন পরিচালনা করেন। এছাড়া ইউএন উইমেনের প্রতিনিধিরা জেন্ডার-সংবেদনশীল পুলিশি কার্যক্রম এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরেন।
রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি কর্মশালার উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারী কর্মকর্তাদের নিজেদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির দিকে আরও মনোযোগী হতে হবে। পেশার প্রতি দায়বদ্ধতা ও অঙ্গীকার ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। পাশাপাশি প্রতিষ্ঠানকেও তাদের জন্য অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি লায়লা জাসমিন বানু বলেন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিপিডব্লিউএনের কৌশলগত পরিকল্পনা ২০২৪-২০২৭ বাস্তবায়ন আরও গতিশীল হবে। প্রথম কৌশলগত পরিকল্পনার সফল অর্জনই এ সম্ভাবনার প্রমাণ।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা যৌন হয়রানির অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আরও কার্যকর করা, বিদ্যমান প্রতিরোধ কমিটিগুলো পুনরুজ্জীবিত করা এবং বাহিনীর সকল সদস্যকে এ বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর সাইবার অপরাধ মোকাবেলায় বিশেষায়িত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা বৃদ্ধির সুপারিশ করা হয়।
উল্লেখ্য, ইউএন উইমেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশ ও বিপিডব্লিউএনের সঙ্গে কাজ করছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত “এন্ডিং সেক্সুয়াল অ্যান্ড জেন্ডার-বেসড ভায়োলেন্স ইন পাবলিক স্পেসেস, ওয়ার্কপ্লেসেস অ্যান্ড ইন টারশিয়ারি এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ (ESGBV)” প্রকল্পে বাংলাদেশ পুলিশ ও বিপিডব্লিউএন অন্যতম প্রধান অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM