মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার সংলগ্ন পাকা সড়কে।
এ সময় মো. সালাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি হিরো এইচএফ ডিলাক্স (১০০ সিসি) মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্র আরও জানায়, গত তিন মাসে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৪০টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM