ডেস্ক রিপোর্টঃ
বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে একের পর এক কালনাগিনী সাপের সন্ধান মিলছে। সর্বশেষ সোমবার (৮ জুন) আরও এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। এর ফলে গত দুই দিনে ডিআইজি কার্যালয় থেকে মোট চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার অভিযানে দুটি সাপ উদ্ধার করা হয়। এর আগে রোববারও একই স্থান থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছিল।
সাপ উদ্ধারকারী সংগঠন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ্ হাসান মুসা জানান, রোববার বিকেলে ডিআইজি কার্যালয়ে সাপ দেখা যাওয়ার খবর পেয়ে তারা উদ্ধার অভিযান শুরু করেন। সাপের অবস্থান শনাক্ত করতে ডিআইজির কক্ষের ডেকোরেশনের একটি অংশ এবং পরে দেয়ালের কিছু অংশ ভাঙতে হয়। দীর্ঘ চেষ্টার পর দেয়ালের ফাঁকা স্থান থেকে প্রথম জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা সম্ভব হয়।
তিনি বলেন, সোমবার সকালে আবারও একই স্থানে সাপ দেখতে পান কার্যালয়ের কর্মরত পুলিশ সদস্যরা। খবর পেয়ে পুনরায় অভিযান পরিচালনা করা হয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর আরও একটি জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়।
আসাদুল্লাহ্ হাসান মুসার মতে, কার্যালয়টি এখনো পুরোপুরি সাপমুক্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ কর্মচারীরা আরও সাপ দেখার কথা জানিয়েছেন। সম্ভাব্য সব স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান জানান, উদ্ধার হওয়া চারটি সাপের মধ্যে প্রথম দিনের দুটি সাপ ইতোমধ্যে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। সোমবার উদ্ধার হওয়া অপর দুটি সাপ বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কার্যালয়ের চারপাশে ঘন ঝোপঝাড় রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই সাপগুলো ভবনের ভেতরে প্রবেশ করেছে। আরও সাপ রয়েছে কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্টরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
কার্যালয়ের গুরুত্বপূর্ণ কক্ষে একের পর এক সাপ উদ্ধারের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে পুরো এলাকা সাপমুক্ত করতে বিশেষ নজরদারি ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM