মো শারীদ মোল্লা| ঢাকাঃ
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে ‘জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট’ নামে একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পের আওতায় রাজধানীর উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমমুখী ১০৫ কিলোমিটার সড়ককে একটি সমন্বিত এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কে যুক্ত করা হবে, যেখানে থাকবে না কোনো প্রচলিত ট্রাফিক সিগন্যাল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একবার এই নেটওয়ার্কে প্রবেশ করলে যানবাহনকে আর কোনো সিগন্যালে থামতে হবে না। ফলে যাতায়াতের সময় কমবে, সাশ্রয় হবে বিপুল পরিমাণ জ্বালানি এবং কমবে যানজট।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল টেকনিক্যাল সাবকমিটির বৈঠকে প্রকল্প বাস্তবায়নে স্বল্প ও মধ্যমেয়াদি বিভিন্ন সুপারিশ গ্রহণ করা হয়েছে।
স্বল্পমেয়াদি পরিকল্পনা
জিরো সিগন্যাল করিডরের বাইরে আধুনিক স্মার্ট ট্রাফিক সিগন্যাল স্থাপন।
দিনের বেলায় রাজধানীতে ভারী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল সীমিত করা।
সড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু।
মধ্যমেয়াদি পরিকল্পনা
১০৫ কিলোমিটার সড়কে সংকেতবিহীন ট্রাফিক ব্যবস্থা চালুর আগে আন্তর্জাতিক মানের ফিজিবিলিটি স্টাডি।
একক কর্তৃপক্ষের অধীনে সমন্বিত সিটি বাস সার্ভিস চালু।
আন্তঃজেলা বাসের রাজধানীতে প্রবেশ নিয়ন্ত্রণ।
নির্ধারিত বাসস্টপ ছাড়া যাত্রী ওঠানামা বন্ধ।
সিসিটিভির মাধ্যমে স্বয়ংক্রিয় ট্রাফিক আইন প্রয়োগ।
রিকশা ও ধীরগতির যানবাহনকে ফিডার সড়কে সীমাবদ্ধ রাখা।
আধুনিক ফুটওভার ব্রিজ ও ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু।
থাকবে ৩৭টি বিশেষ অবকাঠামো
ইনোভেশন টিমের প্রস্তাব অনুযায়ী, পুরো নেটওয়ার্ক বাস্তবায়নে ৩৭টি বিশেষ অবকাঠামো নির্মাণ করা হবে। এর মধ্যে রয়েছে—
১৬টি ওভারপাস বা আন্ডারপাস
১৩টি ইউ-লুপ ওভারপাস
৭টি ইন্টারচেঞ্জ সার্কেল
১টি বিশেষ ইউ-লুপ ইন্টারচেঞ্জ
প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৭২ কোটি ১৬ লাখ টাকা।
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, রাজধানীর যানজট নিরসন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
নগরবিদদের ইতিবাচক মত
নগর পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান বলেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই প্রকল্প ঢাকার যানজট উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হবে। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তি, এআই ক্যামেরা ও সংকেতবিহীন সড়ক ব্যবস্থাপনার সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM