শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ভাঙ্গামুখী একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাসের সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ গাড়িতে থাকা ছয়জন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালকসহ পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন বলে জানা গেছে। আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দ্রুতগতির একটি প্রাইভেটকার সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পাঁচ যাত্রীর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM