দৌলতদিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চাঁদাবাজি ও লুটপাট: মামলা দায়ের, ব্যবসায়ী মহলে আতঙ্ক
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা এলাকায় এক নতুন ব্যবসা প্রতিষ্ঠানে চাঞ্চল্যকর চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সন্ত্রাসীরা নতুন দোকান উদ্বোধনের প্রাক্কালে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ব্যবসায়ীকে বেধড়ক মারধরসহ দোকান ও বাড়ি থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পিতা মোঃ হাসেম শেখ (৭০) বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন: দৌলতদিয়া হোসেন মন্ডলপাড়া এলাকার মোঃ সুলতান ড্রাইভারের ছেলে
মোঃ রনি (৩০), দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া এলাকার মৃত করিম পালের ছেলে আইয়ুব পাল, মৃত মজি ফকিরের ছেলে আব্বাস ফকির, মৃত করিম পালের ছেলে ইয়াকুব পাল (৩০)। এছাড়াও মামলায় আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
থানায় দায়েরকৃত এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার সামসু মাস্টার পাড়া (দৌলতদিয়া) এলাকার বাসিন্দা মোঃ হাসেম শেখ তার ছেলে মোঃ হুমায়ুন শেখ (৩৫)-এর জীবিকা নির্বাহের জন্য দৌলতদিয়া পূর্ব পাড়া এলাকায় আয়ুব মেম্বারের তিন তলা ভবনের উপর প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক ফাস্ট ফুড ও চাইনিজ কিচেনের দোকান নির্মাণ করেন।
চলতি বছরের ২৮ মে রাত ১১:০০ টায় পূর্ব পরিকল্পিতভাবে একদল চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ওই নতুন দোকানে এসে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। হুমায়ুন শেখ এবং তার দোকানের কর্মচারী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা ব্যবসায়ী হুমায়ুন শেখকে এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।
সন্ত্রাসীরা দোকানে থাকা সোফা, এসি, ফ্রিজ ও চাইনিজ কিচেন ভাঙচুর করে প্রায় ৮,০০,০০০ টাকার ক্ষতিসাধন করে এবং ক্যাশ বক্স থেকে নগদ ৯০,০০০ টাকা লুট করে নিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, দোকানে তাণ্ডব চালানোর পর একই রাতে (২৯ মে) রাত ১:০০ ঘটিকায় ওই সন্ত্রাসী বাহিনী আরও অজ্ঞাতনামা ৬/৭ জন সহযোগীকে নিয়ে বাদীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা ঘরের জানালা ও সুকেস ভেঙে নগদ ৩০,০০০ টাকা এবং পরিবারের নারী ও শিশুদের ব্যবহারের জন্য রাখা মোট ১৪ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার (যার আনুমানিক মূল্য ২,২৭,৫০০ টাকা) লুটপাট করে নিয়ে যায়। পুরো সন্ত্রাসী কর্মকাণ্ডে ভুক্তভোগী পরিবারের সর্বমোট ১২,৭৭,৫০০ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।
আশপাশের লোকজন ভুক্তভোগীদের ডাক-চিৎকার শুনে এগিয়ে আসলে সন্ত্রাসীরা খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও সাধারণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি), মো: সফিকুল ইসলাম জানান, দণ্ডবিধির ১৪৩/৩৮৫/৩২৩/৪৪৮/৩৮০/৪২৭/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM