শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজার সংলগ্ন ঢাকা- খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার ( ৩১ মে) সকাল প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী ‘আল বরাক’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৯১৩) ঝাটুরদিয়া বাজারের পাশের ব্রিজ অতিক্রম করার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনায় ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমের কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে প্রভাব পড়লেও পরে মহাসড়কে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM