রাজশাহী ব্যুরোঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৫।
আজ মঙ্গলবার (২৬ মে) এক প্রেস ব্রিফিংয়ে রাজশাহী মহানগরীসহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫টি জেলার (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট) নিরাপত্তা ও নিয়মিত টহল জোরদারের এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মোঃ মাহমুদুর রহমান, পিএসসি।
অধিনায়ক জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রীরা যাতে কোনো ধরনের ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি বা অজ্ঞান পার্টির খপ্পরে না পড়েন, সেজন্য রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এছাড়া কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ এবং বেলপুকুর বাইপাস এলাকাসহ বিভিন্ন কৌশলগত স্থানে নিয়মিত চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং (তীব্র টহল) পরিচালনা করা হচ্ছে।
কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং ক্রেতা-বিক্রেতাদের জাল টাকার প্রতারণা থেকে রক্ষায় বিশেষ পদক্ষেপ নিয়েছে র্যাব। রাজশাহীর সর্ববৃহৎ ‘সিটি হাট’ সহ বিভিন্ন হাটে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে।
এছাড়া, চলমান তীব্র গরমের কথা বিবেচনা করে হাটে আগত জনসাধারণের জন্য র্যাব-৫ এর সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ ‘মেডিকেল ক্যাম্পেইন’ বা প্রাথমিক চিকিৎসা বুথ পরিচালনা করা হচ্ছে। পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব।
র্যাব-৫ এর অধিনায়ক আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের বিশেষ স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ফাঁকা শহরের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কোনো ধরনের উসকানি বা গুজব না ছড়াতে পারে, সেজন্য র্যাবের বিশেষ সাইবার টিম অনলাইন মাধ্যমে কড়া নজরদারি অব্যাহত রেখেছে।
নিরাপদ ঈদ উদযাপনে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলেই তাৎক্ষণিকভাবে র্যাব বা নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM