নিজেস্ব প্রতিবেদকঃ
ফরিদপুর শহরের রথখোলা পতিতাপল্লীতে এক তরুণীকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬-এর বিভিন্ন ধারায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছা. জনি (১৯) বগুড়া জেলার শেরপুর উপজেলার কাসাহাট এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধামরাই এলাকায় মায়ের সঙ্গে বসবাস করতেন এবং একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।
অভিযুক্ত মনির শেখ (৩০), আলম ফকির (২০) ও মুন্নি (২০) ধামরাই এলাকায় বাসা ভাড়া নিয়ে ভুক্তভোগীর সঙ্গে পরিচিত হন। পরে বিয়ে ও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ফরিদপুরে নিয়ে আসা হয় বলে অভিযোগ রয়েছে।
গত ১৪ মে অভিযুক্তরা জনিকে ফরিদপুর শহরের শিবরামপুর এলাকায় একটি ভাড়া বাসায় রাখে। পরে ২১ মে সকালে তাকে কোতোয়ালি থানাধীন রথখোলা পতিতাপল্লীতে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর তিনি বুঝতে পারেন তাকে পতিতালয়ে বিক্রির চেষ্টা চলছে। এতে তিনি ভিতরে যেতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে জোরপূর্বক নেওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে জনি চিৎকার করে পালিয়ে গিয়ে পতিতাপল্লীর সামনে একটি দোকানে আশ্রয় নেন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তিন অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং আটক তিনজনকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় তানিয়া ও দুখু নামে আরও দুইজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা বর্তমানে পলাতক।
কোতোয়ালি থানায় মামলা নং–৭৮, তারিখ ২২ মে ২০২৬। মামলাটি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬-এর ১০(১), ১০(২), ১১(১) ও ১১(২) ধারায় রুজু করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM