মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ডাঁশমারী এলাকায় আলোচিত গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত গোলাম মোস্তফার সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা চলমান ছিল। সেই পূর্বশত্রুতার জের ধরেই হত্যার পরিকল্পনা করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
ঘটনাটি ঘটে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত সাড়ে ৭টার দিকে। এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে খোঁজাপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও অব্যবহৃত গুলি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজেরা বেগম মতিহার থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় এসআই আলমাস আল রাজীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে দিবাগত রাত প্রায় ৪টার দিকে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। একই সঙ্গে মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM