রাজশাহী ব্যুরোঃ
নওগাঁর মান্দা উপজেলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের টানা অভিযানে মূল হোতাসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক দুটি অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম, মোবাইল ফোন এবং নগদ টাকা। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া পরিচালনার পাশাপাশি অবৈধ ডলার লেনদেনের সঙ্গেও জড়িত ছিল।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা থানার ওসি খোরশেদ আলমের নেতৃত্বে ১৪ ও ১৫ মে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
প্রথম দফায় উপজেলার কাশোপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মূল নিয়ন্ত্রক হিসেবে পরিচিত সোহেল হোসেনকে আটক করা হয়। এ সময় আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযান থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৫ মে গভীর রাতে দিনবনি হাড়ি এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে একটি ভাড়া বাসায় গড়ে তোলা অনলাইন জুয়ার কেন্দ্রের সন্ধান পায় পুলিশ। অভিযানে কথিত পরিচালক আল-আমিনসহ আরও ১২ জনকে আটক করা হয়।
দ্বিতীয় অভিযানে উদ্ধার করা হয় ১৫টি মোবাইল ফোন, ১১টি কম্পিউটার, ১১টি মনিটর এবং ৩টি ল্যাপটপ। পুলিশের ভাষ্য, জব্দ হওয়া ডিভাইসগুলো অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহার করা হতো।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চক্রটি অনলাইন বেটিংয়ের মাধ্যমে বিপুল অর্থ লেনদেন করত। পাশাপাশি অবৈধ ডলার কেনাবেচা ও অর্থ পাচারের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার বলেন, অনলাইন জুয়া তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান আরও বাড়ানো হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM