স্টাফ রিপোর্টার, রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকারঃ
রাজবাড়ীতে অফিসের পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়া মনিরা খাতুন (৩০) নামের এক নারী অফিস সহায়ক পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মারা গেছেন। তার মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১৫ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান।
নিহত মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার সুলতান পুর ইউনিয়ন ধর্মশী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। মনিরা প্রায় পাঁচ বছর যাবত রাজবাড়ী নিরাপদ খাদ্য অফিসে অফিস সহায়ক পদে চাকরি করতেন।
এর আগে গত রোববার (১০ মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকায় নিরাপদ খাদ্য অফিসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার (১০ মে) বিকেলে অফিস ছুটি হওয়ার কিছুক্ষণ আগে পতাকা নামাতে গিয়ে পতাকার পাইপটি অসাবধানতাবশত বিদ্যুতের সঞ্চালন লাইনের হাই ভোল্টেজ তারের ওপর পড়ে যায়। পাইপটি স্টিলের থাকায় বিদ্যুতায়িত হয়ে মনিরার সারা শরীরে আগুন ধরে যায়। তখন অফিসে কেউ না থাকায় উদ্ধার করতে দেরি হওয়ায় তার সারা শরীর আগুনে ঝলসে যায়।
পরে স্থানীয় লোকজন ও পথচারী বিষয়টি দেখে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের একটি দল এসে মনিরাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার করা হলে সেখানে নিয়ে তাকে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনি আজ মারা যান। নিহতের পরিবার, সহকর্মী ও এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মনিরা খাতুন চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে সেখানে এসডিইউ (স্টেপ-ডাউন-ইউনিটি) এ নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মনিরা খাতুন মারা গিয়েছে। তার মরদেহ রাজবাড়ীতে আনার প্রস্তুতি চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM