মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ (গুড়িপাড়া ইনারাতালার পশ্চিম পাশে) এলাকার মৃত আব্দুল মোমিনের মেয়ে ও এসারুল ইসলামের স্ত্রী মোসা. সারমিন খাতুন (৩৫) এবং চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (বাগানপাড়া) এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. রাজু (৩৮)। রাজু বর্তমানে মুশরইল বাচ্চুর মোড় এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, গত সোমবার (১২ মে) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে সারমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন, ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
এদিকে একই দিন রাত সাড়ে ১২টার দিকে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সারমিনের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM