স্টাফ রিপোর্টার :মোঃ মিজানুর রহমানঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলা-এর মাজবাড়ী ইউনিয়নে প্রায় ৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)” এর আওতায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
শনিবার (৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কুমোড় গড়া বিলে এ কাজের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাইমুর রহমান এবং মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, মাজবাড়ী ইউনিয়নের কুমোড় গড়া বিল থেকে গড়াই টিক্কার বিল হয়ে মুনাই বিল পর্যন্ত খালটি পুনঃখনন করা হবে। এতে প্রায় ৪৬ হাজার ঘনফুট মাটি অপসারণ করা হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা, যার মধ্যে শ্রমিকদের মজুরি বাবদ ব্যয় হবে ৬৩ লাখ ৯৪ হাজার ৩৪৯ টাকা।
এ প্রকল্পে ২৯৭ জন শ্রমিক কাজের সুযোগ পাচ্ছেন। প্রতিদিন প্রতিজনের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ৪৩ কার্যদিবসব্যাপী এ কর্মসূচি ৯ মে শুরু হয়ে আগামী ২০ জুন ২০২৬ পর্যন্ত চলবে।
সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখনন সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সেচ সুবিধা সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে। স্থানীয় বাসিন্দাদের আশা, দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে এবং এলাকার পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM