মোঃ মাসউদ রহমান সৌরভ রুয়েট প্রতিনিধি ,
প্রযুক্তি শুধু ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবনের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার ওপর জোর দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের কাজ হবে বিজ্ঞানকে প্রযুক্তিতে রূপান্তর করা। প্রকৌশলী হিসেবে নিজেদেরকে নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে হবে। আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকবো না, প্রযুক্তি তৈরি করব, প্রযুক্তি রপ্তানি করব। এই লক্ষ্য পূরণের জন্য যাদেরকে সবচেয়ে বেশি দরকার তারা হচ্ছে প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শনিবার (৯ মে) রুয়েটের অডিটরিয়ামে তিন পর্বে তিনটি অনুষদের ১৪টি বিভাগের মোট ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী ওরিয়েন্টেশনের অংশগ্রহণ করে। রবিবার (১০ মে) থেকে রুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
ছাত্রজীবনের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুতি নেয়ার সময় এখনই অর্থাত আগামী চার বছর। প্রস্তুতি নিতে যদি তুমি ব্যর্থ হও, তবে ব্যর্থতাকে বরণ করে নিতে তুমি প্রস্তুতি নিচ্ছ। একজন ভালো প্রকৌশলী হবার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। রুয়েটের পাশাপাশি আমাদের দেশের সুনাম ও গৌরব তোমাদের হাতেই নির্ভর করছে। এসময় উপাচার্য অভিভাবকের অভিনন্দন জানিয়ে বলেন, আজকে সন্তানদেরকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে আপনাদের অবদান সবচাইতে বেশি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি বলেন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ছাত্রকল্যাণ দপ্তর কাজ করে চলেছে। ক্যাম্পাসে র্যাগিং ও বুলিংবিরোধী নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমাসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসে পরিবেশ স্থিতিশীল রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিত করা গেছে এবং ছাত্রদের ৮০ ভাগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম সহ ১৪ টি বিভাগের প্রধানবৃন্দ।
রুয়েটের তিনটি প্রকৌশল অনুষদের ১৪ টি বিভাগের বিপরীতে মোট ১ হাজার ২৩০ আসন রয়েছে। এর মধ্যে সিএসই, ইইই, সিই ও এমই বিভাগে ১৮০টি, এমটিই, সিএমই, আইপিই, এমএসই, ইউআরপি, ইসিই ও ইটিই বিভাগে ৬০ টি এবং এআরসিএইচ, সিএইচই ও ইসিএম বিভাগে ৩০ টি করে আসন রয়েছে। এবার প্রথম বর্ষে ১ হাজার ২৩৫ জন ভর্তির সুযোগ পেয়েছে। ১০ মে রবিবার থেকে তাদের ক্লাস শুরু হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM