মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ ও দিকনির্দেশনা প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান। শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকাল থেকে তিন ধাপে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের অন্তর্ভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীরা অংশ নেন। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৮টা ৩০ মিনিটে পুরকৌশল অনুষদ, সকাল ৯টা ৫০ মিনিটে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদ এবং সকাল ১১টা ১০ মিনিটে যন্ত্রকৌশল অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে পৃথক পরিচিতি ও পরিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, দপ্তর পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন,
“রুয়েট একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে অবদান রাখছে। নবীন শিক্ষার্থীদের শুধু একাডেমিক উৎকর্ষ নয়, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণেও সমৃদ্ধ হয়ে উঠতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
সভাপতির বক্তব্যে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন,
“আজ থেকে তোমরা রুয়েট পরিবারের সদস্য। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও ইতিবাচক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। র্যাগিং ও বুলিংবিরোধী নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি স্বাস্থ্যবীমাসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে শৃঙ্খলা, গবেষণা, প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে র্যাগিং, বুলিং ও যেকোনো অপ্রীতিকর আচরণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়েও শিক্ষার্থীদের সতর্ক করা হয়।
এসময় তড়িৎ ও টেলিযোগাযোগ কৌশল (ইটিই) বিভাগের নবাগত শিক্ষার্থী আলমাস হোসেন আদিব নিজের অনুভূতি প্রকাশ করে বলেন,
“গ্রামের বাড়ি থেকে নানা সীমাবদ্ধতার মধ্যেও ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছি। রুয়েটে ভর্তি হতে পেরে আমি গর্বিত। এখানে শিক্ষক-শিক্ষার্থী ও সিনিয়র-জুনিয়রদের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে বলে আশা করি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নির্ধারিত রুটিন অনুযায়ী আগামী ১০ মে থেকে প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে পরিচিত করে তুলতে এবং তাদের আত্মবিশ্বাস ও মানসিক প্রস্তুতি বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM