রাজশাহী ব্যুরোঃ
আগামী বর্ষা মৌসুমে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ১০ (দশ) দিনব্যাপী বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে নগরীর বিভিন্ন ড্রেন থেকে ময়লা- আবর্জনা ও কাদামাটি অপসারণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে রাত ১১ টা পর্যন্ত রাজশাহী ক্যান্টনমেন্টের শহীদ কর্ণেল জাহিদ গেট সংলগ্ন তেরখাদিয়া এলাকায় উপস্থিত থেকে বড় এক্সাভেটর দ্বারা ড্রেন পরিষ্কারকরণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন, যাতে বর্ষা মৌসুমে নগরবাসী জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্ত থাকতে পারেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ১০ (দশ) দিনব্যাপী বিশেষ কর্মপরিকল্পনার আওতায় বর্ণালির মোড় হতে সিটি হাট পর্যন্ত বড় এস্কেভেটর দ্বারা ড্রেন পরিষ্কারকরণ, আপেল ডেকোরেটর হতে ডিঙ্গাডোবা রেল ক্রসিং পর্যন্ত ছোট এস্কেভেটর দ্বারা পরিষ্কারকরণ, ঝাউতলা মোড় হতে ভাটাপাড়া হয়ে মহিষবাথান করবস্থান পর্যন্ত ছোট এস্কেভেটর দ্বারা পরিষ্কারকরণ, মুথুরডাংগা হতে বাইশ বিঘা পর্যন্ত শ্রমিক দ্বারা ড্রেন পরিষ্কারকরণ, নেসকো এর পেছন হতে হরিজন পল্লী পর্যন্ত শ্রমিক দ্বারা ড্রেন পরিষ্কারকরণ এবং ৩০টি ওয়ার্ড এর ছোট মাঝারি ড্রেনসমূহ ওয়ার্ড শ্রমিক দ্বারা পরিষ্কারকরণ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM