রাজশাহী ব্যুরো:
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে প্রশাসনের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক যুবককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৪ মে, ২০২৬) উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক অভিযানে মাদকাসক্ত ওই যুবককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এলাকায় মাদক সেবন ও পরিবেশ বিনষ্টের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট মাদক সেবনের অভিযোগের সত্যতা পান এবং উপস্থিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। অপরাধ স্বীকার ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত যুবককে তাৎক্ষণিক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন:"মাদকের মরণ নেশা সমাজ ও পরিবারকে ধ্বংস করছে। মাদক নির্মূলে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। সামাজিক শান্তি বজায় রাখতে এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এই ধরণের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।"
সাজা ঘোষণার সাথে সাথেই দণ্ডপ্রাপ্ত যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
উপজেলা প্রশাসনের এমন বলিষ্ঠ ও দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা মনে করছেন, ভ্রাম্যমাণ আদালতের এমন নিয়মিত তৎপরতা মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM