মোঃ হাবিবুর রহমান রাজনৈতিক বিশ্লেষক:
আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর টানা ক্ষমতায় থাকায় পুরো একটি প্রজন্ম (যাদের বয়স ১৫-২৫ বছর) আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের শাসন দেখার সুযোগ পায়নি। ফলে বেড়ে ওঠা এই জনগোষ্ঠীর সকল অভিযোগ, রাগ, অভিমান ও সমালোচনার ভার একাই বহন করতে হয়েছে আওয়ামী লীগকে।
এর পাশাপাশি অনিয়ন্ত্রিত দুর্নীতি, লাগামহীন বক্তব্য, বিতর্কিত নির্বাচন ও ভারতের প্রভাব বিস্তারের সুযোগ দেওয়ার অভিযোগ—এসব কারণে এই প্রজন্ম শুধু সমালোচনাতেই সীমাবদ্ধ থাকেনি; বরং অনেকেই আওয়ামী লীগের পতনের দাবিতে সরব হয়েছে। বুঝে বা না বুঝে, ব্যক্তিগত স্বার্থে কিংবা নির্যাতনের অভিজ্ঞতা থেকে—তারা সরকারবিরোধী অবস্থানে দাঁড়িয়েছে।
তবে গত দুই বছরে সরকারের কার্যক্রম, ভূমিকা ও ব্যর্থতা পর্যবেক্ষণ করে অনেকেই ধীরে ধীরে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে শুরু করেছে।
বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, শেখ হাসিনার বলা অনেক কথা ও নেওয়া পদক্ষেপের মধ্যে একটি ধারাবাহিকতা ও জবাবদিহিতার প্রতিফলন মিলছে। তার অনেক সিদ্ধান্তের পেছনে সুদূরপ্রসারী পরিকল্পনার ইঙ্গিত আজ দৃশ্যমান।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন থেকেই গেছে—বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার গ্রেফতার। এই সিদ্ধান্তের যথাযথ ব্যাখ্যা আজও পরিষ্কার হয়নি। অনেক বিশ্লেষকের মতে, এটি ছিল একটি বড় রাজনৈতিক ভুল, যার জন্য ক্ষমা প্রার্থনার বিষয়টিও আলোচনায় আসতে পারে।
অন্যদিকে, শেখ হাসিনার সরকারের নেওয়া বহু প্রকল্প ও পরিকল্পনার বৈধতা পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারও কিছু ক্ষেত্রে স্বীকৃতি দিচ্ছে।
একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো—রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
এই প্রকল্পের মোট বিনিয়োগ ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার, যার প্রায় ৯০% (১১.৩৮ বিলিয়ন ডলার) অর্থায়ন করেছে রাশিয়া। সুদের হার ১.৭৫% এবং বিনিয়োগের মেয়াদ ২৮ বছর (সূত্র: উইকিপিডিয়া)।
এমন একটি বড় বিনিয়োগ অর্জন করতে হলে আন্তর্জাতিক অঙ্গনে আস্থা, বিশ্বাস ও গ্রহণযোগ্যতা কতটা গুরুত্বপূর্ণ—তা সহজেই অনুমেয়।
অপরদিকে, বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক সংস্থা যেমন IMF থেকে ঋণের কিস্তি ছাড় করাতেও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে—বর্তমান সরকার কি এই পর্যায়ের আন্তর্জাতিক বিনিয়োগ আনতে পারবে? আর পারলেও, কত সময় লাগবে?
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM