মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নএর সার্বিক উন্নয়নের লক্ষ্যে পাঁচ দফা দাবি তুলে ধরেছে “তিলকপুর উন্নয়ন কমিটি”। এসব দাবি লিখিত আকারে জেলা প্রশাসক, জয়পুরহাটের নিকট দাখিল করা হয়েছে।
উন্নয়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়, তিলকপুর অঞ্চলের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কার্যক্রম এগিয়ে নিতে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—তিলকপুর রেলস্টেশনে ইন্টারসিটি ট্রেনের স্টপেজ চালু, আক্কেলপুর-তিলকপুর সড়কের দ্রুত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আধুনিক সুবিধা সম্প্রসারণ, হাট-বাজার ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং তিলকপুর ইউনিয়নকে পৌরসভা হিসেবে ঘোষণা।
কমিটির নেতৃবৃন্দ বলেন, রেলস্টেশনে ইন্টারসিটি ট্রেন না থামায় স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে আক্কেলপুর-তিলকপুর সড়কের বেহাল অবস্থার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যা ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে। তিলকপুর হাট উত্তরাঞ্চলের মধ্যে বৃহৎ হাট। সারা দেশে তিলকপুর হাট থেকে বিভিন্ন অঞ্চলের উৎপাদিত আলু সরবরাহ করা হয়ে থাকে।
এছাড়া, এলাকায় উন্নত শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার অভাব থাকায় সাধারণ মানুষকে দূরবর্তী স্থানে যেতে হচ্ছে। স্থানীয় হাট-বাজারগুলো আধুনিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় অর্থনৈতিক কার্যক্রমও প্রত্যাশিতভাবে বিকশিত হচ্ছে না।
তিলকপুরকে পৌরসভা ঘোষণা করা হলে নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে এবং পরিকল্পিত নগর উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন এলাকাবাসী।
জেলা প্রশাসকের দপ্তর সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।
স্থানীয়দের আশা, এসব দাবি বাস্তবায়িত হলে তিলকপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM