নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্নার বিরুদ্ধে এবার উঠেছে পদ বাণিজ্যের গুরুতর অভিযোগ। অভিযোগ তুলেছেন দক্ষিনখান থানা মহিলা দলের সাবেক আহ্বায়ক জাকিয়া সুলতানা পান্না। গত ২৭ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ প্রকাশ করেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
অভিযোগে জাকিয়া সুলতানা পান্না দাবি করেন, নির্বাচনের পর ভাসানটেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর এক জনসভায় তাকে মঞ্চে ডেকে নেওয়া হয় এবং বসার জন্য চেয়ারও দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা তার প্রতি ঈর্ষান্বিত হন বলেও অভিযোগ করেন তিনি।
পরে বিভিন্ন অজুহাতে তাকে শোকজ করা হয় এবং ভিত্তিহীন অভিযোগে তার কমিটিও স্থগিত করা হয় বলে দাবি করেন পান্না।
তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে সভাপতি পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করা হয়। এ বিষয়ে মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা ও সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্নার নাম উল্লেখ করে তিনি বলেন, অর্থ লেনদেন সংক্রান্ত কথোপকথনের কল রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
পান্নার অভিযোগ, টাকা নেওয়ার পরও প্রতিশ্রুতি অনুযায়ী কমিটি দেওয়া হয়নি। এতে পদ বাণিজ্যের অভিযোগ আরও জোরালো হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রোকেয়া সুলতানা তামান্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।
এদিকে, প্রকাশিত কল রেকর্ডিং ঘিরে অভিযোগের সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, টাকার বিনিময়ে কমিটি বাণিজ্য দলীয় আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবমূল্যায়ন।
এটি রাজনৈতিক সংস্কৃতির জন্যও অশনিসংকেত। বর্ষীয়ান রাজনীতিবিদদের মতে, দুঃসময়ে যারা দলের জন্য কাজ করেছেন, তাদের মূল্যায়ন বাদ দিয়ে অর্থের বিনিময়ে পদ বণ্টন ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক দলের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM