মীর দুলাল হবিগঞ্জ থেকে :
হবিগঞ্জ শহরে চলাচলকারী গাড়ি থেকে চাঁদাবাজির সময় ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার( ৯ এপ্রিল২৬) ইং বিকালে কালীগাছ তলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কামড়াপুর গ্রামের ফুল মিয়ার ছেলে জাকির হোসেন (৪২), আনোয়ারপুর গ্রামের কাছম আলীর ছেলে হিরণ মিয়া (৩৪) এবং নাতিরপুর গ্রামের মৃত নিনু মিয়ার ছেলে রনু মিয়া (৩২)। অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায়ের টাকার রশিদ ও নগদ ২ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।
সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নিয়ে যান।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের কালীগাছতলা এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় গাড়ি থামিয়ে জোরপূর্বক টাকা আদায়ের সময় তিনজনকে আটক করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটকদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হবে।
এ চাঁদাবাজির সঙ্গে আর কারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সেনাবাহিনী আটক তিনজনকে থানায় হস্তান্তর করেছে।