বগুড়া প্রতিনিধি :
ভোক্তা সাধারণের জ্বালানি তেল প্রাপ্তি নিশ্চিত করতে এবং পরিমাপের সঠিকতা যাচাইয়ে বগুড়ায় বড় ধরনের অভিযান চালিয়েছে বিএসটিআই ও জেলা প্রশাসন।
রোববার (২৯ মার্চ) বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন ফিলিং স্টেশনের জ্বালানি তেলের মান ও পরিমাণ পরীক্ষা করা হয়।
অভিযানকালে একটি ফিলিং স্টেশনসহ দুই ব্যক্তিকে আর্থিক দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল এবং মোছা. সাবিনা ইয়াসমিন-এর নেতৃত্বে প্রথম মোবাইল কোর্টটি পরিচালিত হয়।
অভিযানে স্টেশন রোডের মেসার্স মিতালী ফিলিং স্টেশনকে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুযায়ী ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া চারমাথা এলাকার মেসার্স মেহেরা সার্ভিস স্টেশনের জ্বালানি তেলের পরিমাপ ও স্টোরেজ ট্যাংকের মজুদ যাচাই করা হয়।
পর্যাপ্ত মজুদ থাকা পর্যন্ত তেল সঠিকভাবে বিক্রয় ও বিতরণের জন্য প্রতিষ্ঠান দুটিকে কঠোর নির্দেশ প্রদান করা হয়। একই অভিযানে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে এক ব্যক্তিকে 'সড়ক পরিবহন আইন, ২০১৮' অনুযায়ী ৫০০ টাকা জরিমানা করা হয়।
এই আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. তুষার সাহা।
একই দিনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন-এর নেতৃত্বে দ্বিতীয় মোবাইল কোর্টটি পরিচালিত হয়। এই টিম মাটিডালীর মেসার্স করোতোয়া ফিলিং স্টেশন, বাঘোপাড়ার নিউ চলাচল ফিলিং স্টেশন, এম এইচ খান এন্ড পার্টনার, বগুড়া সিএনজি ফিলিং স্টেশন এবং মেসার্স বানু ফিলিং স্টেশনে তদারকি চালায়।
আদালত প্রতিটি প্রতিষ্ঠানের জ্বালানি তেলের পরিমাপ ও স্টোরেজ ট্যাংকের মজুদ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেন। মজুদ থাকা সাপেক্ষে তেল বিক্রিতে কোনো অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এছাড়া লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে অন্য এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইনে ২০০ টাকা জরিমানা করা হয়।
এই পর্বেও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী প্রান্তজিত সরকার ও প্রকৌশলী তুষার সাহা।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া জানিয়েছে, জনস্বার্থে জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM