স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নিহত প্রতি পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে বুধবার (২৫ মার্চ) এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, উক্ত ঘটনা প্রাথমিকভাবে দুর্ঘটনা হিসেবে প্রতীয়মান হলেও এটি প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ এবং দায়িত্বরত ব্যক্তিদের অবহেলা, গাফিলতি ও দায়িত্বে অবজ্ঞার ফল কিনা তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিরূপণ করা অত্যন্ত জরুরি।
‘আহতদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষম আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নোটিশে দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের আর্থিক সহায়তা প্রদানের জন্য জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
লিগ্যাল নোটিশের বিষয়ে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ বলেন, জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়েছে। সময়স্বল্পতার কারণে ডাকযোগে পাঠানো সম্ভব না হওয়ায় প্রথমে ই-মেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে। পরবর্তী কর্মদিবসে ডাকযোগেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM