শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৯টি গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সৌদি আরবে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা এ সিদ্ধান্ত জানান।
জানা গেছে, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের এসব গ্রামের বাসিন্দারা একদিন আগে থেকেই রোজা পালন শুরু করেন। সেই ধারাবাহিকতায় প্রতি বছরই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে থাকেন।
উল্লেখিত গ্রামগুলোর মধ্যে রয়েছে কাঁটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমড়া, রাখালতলী, গঙ্গানন্দপুরসহ মোট ৯টি গ্রাম। এর মধ্যে সহস্রাইল, মাইটকুমড়া ও রাখালতলী এই তিন স্থানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এসব গ্রামের মানুষ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাহমুদাবাদ মির্জাখিল দরবার শরিফের অনুসারী। আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হক বলেন, আমরা মির্জাখিল শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করি। এ জামাতে সালথা, মুহম্মদপুর, মুকসুদপুর ও আলফাডাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশ নেন।
স্থানীয়দের মতে, সহস্রাইল গ্রামে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গ্রামের বাসিন্দা বিশু মোল্যা জানান, প্রায় দেড়শ বছর ধরে সহস্রাইল উত্তরপাড়া জামে মসজিদে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।
আরেক বাসিন্দা দিল্লুর রহমান বলেন, আমাদের পূর্বপুরুষদের সময় থেকেই আমরা একদিন আগে রোজা শুরু করি এবং সেই অনুযায়ী ঈদ উদযাপন করি।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, উপজেলার তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে আমরা জেনেছি। শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM