মো: রাজন আলী (চারঘাট, রাজশাহী):
রাজশাহীর সরদহ সরকারি মহাবিদ্যালয়ে অনার্স চতুর্থ (ফাইনাল) বর্ষের ফরম পূরণকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। একই ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ভিন্ন ভিন্ন পরিমাণ টাকা নেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
কলেজ সূত্রে জানা গেছে, এ বছর অনার্স চতুর্থ বর্ষে মোট ১২০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে ৯৫ জন শিক্ষার্থী অনলাইনে ফরম পূরণ করে ফি ও কম্পিউটার দোকানের পারিশ্রমিকসহ প্রায় ৬ হাজার টাকা করে পরিশোধ করেছেন।
তবে অভিযোগ উঠেছে, বাকি ২৫ জন শিক্ষার্থী সরাসরি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এর কাছে মাত্র ৩ হাজার ৫ শত টাকা দিয়ে ফরম পূরণ করেছেন। এতে ক্ষোভ প্রকাশ করে অনলাইনে ফরম পূরণ করা শিক্ষার্থীরা বলেন, যদি ৩ হাজার ৫ শত টাকায় ফরম পূরণ করা সম্ভব হয়, তাহলে আমাদের কাছ থেকে প্রায় ৬ হাজার টাকা নেওয়া হলো কেন? শিক্ষার্থীরা অতিরিক্ত আদায় করা অর্থ ফেরতসহ এ বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ফরম পূরণের শেষ দিনে কিছু শিক্ষার্থী রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার আমার কাছে আসেন। আসে তারা ৩ হাজার ৫শ টাকা দিয়ে ফরম পূরণ করার দাবি করেন। আমি বাধ্য হয়েছি ফরম পূরণ করতে।
তিনি আরও জানান, ওই শিক্ষার্থীদের মধ্যে দুজনের জন্য রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এবং চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল-এর সুপারিশ ছিল। তবে বাকি শিক্ষার্থীরা কীভাবে একই এই শক্তি পেলেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। বিষয়টি জানতে আমি সকলের লিস্ট করে বিকুলের হাতে দিয়ে এসেছি।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবের অভিযোগে কোনো মন্তব্য করতে রাজি হয়না অধ্যক্ষ।
অন্যদিকে সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল বলেন, অধ্যক্ষ তার কাছে একটি তালিকা দিয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এই বিষয়ে জানতে চাইলে চারঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, এখনো তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM