রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী নগরীতে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় মশার আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়ছেন নগরবাসী। এতে করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।
নগরীর রানিবাজার, শিরোইল কলোনি, শালবাগান , রাজশাহী কোর্ট এলাকায় মশার প্রকোপ বেশি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই জানান, দিনের বেলাতেও এখন ঘরের ভেতরে মশার উৎপাত সহ্য করা কঠিন হয়ে পড়েছে।
শিরোইল কলোনি এলাকার বাসিন্দা মো. মুরাদ হোসেন বলেন, “আগে শুধু রাতে মশা বেশি ছিল, কিন্তু এখন দিনে-রাতেই মশার যন্ত্রণা। কয়েল, স্প্রে ব্যবহার করেও তেমন কোনো উপকার পাওয়া যাচ্ছে না।”
নগরবাসীর অভিযোগ, নিয়মিত মশা নিধন কার্যক্রম না হওয়ায় এ সমস্যা দিন দিন বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরে মশা নিধনের জন্য ফগিং বা ওষুধ ছিটানো হচ্ছে না বলেও দাবি করেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন, জমে থাকা পানি, অপরিষ্কার ড্রেন এবং ময়লা-আবর্জনার কারণে মশার বংশবিস্তার দ্রুত বাড়ছে। তাই এ সমস্যা সমাধানে নগর কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
এ বিষয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মশা নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। তবে নাগরিকদেরও বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকতে না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
নগরবাসীর প্রত্যাশা, মশা নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ ছিটানোর দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে মশার উপদ্রব কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ গ্রহণ করবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM