স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ
রাজবাড়ী শহরের পুলিশ লাইনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক ব্যস্ত মহাসড়কের পাশে ফাঁকা জায়গা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ফলে তীব্র দুর্গন্ধ এবং মশা-মাছির উপদ্রবে পথচারী ও যাত্রীদের চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়েছে।
সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সড়কের ওপর ময়লা ফেলায় একদিকে যেমন বায়ু ও পরিবেশ দূষণ হচ্ছে, তেমনি পথচারীরা নাক চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
গত ১৫ বছর ধরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার ৭নং ওয়ার্ডে পুলিশ লাইনের সামনের জায়গাটিতে প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলছে পৌরসভা ও স্থানীয় বাজারের ব্যবসায়িরা। এতে স্থানটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ছড়িয়ে পড়া জীবাণুর কারণে স্থানীয় বাসিন্দাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। শ্বাসকষ্ট, অ্যাজমা, এলার্জিসহ বিভিন্ন রোগের ঝুঁকিতে রয়েছে জনসাধারণ। ময়লার দুর্গন্ধে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, যানবাহনের যাত্রী, অফিসগামী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী, দোকানদাররা মারাত্মক দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন।এ বিষয়ে স্থানীয় দোকানদার ও পথচারীরা মানববন্ধন করলেও তারা এর কোন প্রতিকার পায়নি।
সরেজমিনে পুলিশ লাইনের সামনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ময়লার আবর্জনার ভাগাড়।ময়লার ভাগাড়ের দুর্গন্ধে পথচারীদের চলাচলে কষ্ট হচ্ছে।এছাড়াও ময়ালা আবর্জনা পোড়ানোর কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
পথচারী ও স্থানীয় এলাকাবাসী জানান, ময়লার স্তূপে সারাদিন মশা-মাছি ভনভন করে। পঁচা-আবর্জনা আর সেগুলো পোড়ানোর ধোঁয়ার তীব্র গন্ধে চলাচল করতে কষ্ট হয়। গাড়ি চালকরা স্তূপের পাশ দিয়ে দুর্গন্ধের কারণে দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে হয়। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। ময়লা-আবর্জনা উন্মুক্ত স্থানে ফেলায় বাতাসের মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু ছড়াচ্ছে। নাকে হাত দিয়ে চলতে হচ্ছে। এছাড়া ময়লার ভাগাড়ের কারণে নষ্ট হচ্ছে পরিবেশ।
এ ধরণের ময়লার ভাগাড়গুলো দ্রুত অপসারণ করে সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন দৈনিক নয়া কন্ঠকে বলেন, রাজবাড়ী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ময়লা আবর্জনার ভাগাড় তৈরি হয়েছে। এতে মানুষের চলাচলে যেমন কষ্ট হচ্ছে, বাড়ছে রোগবালাই। ময়লা পরিষ্কার করার জন্য আমি কয়েকবার পৌরসভাতে ঘুরেছি। তারা আজ না কাল, ফান্ড নেই, ওয়ার্কার নেই এমন অজুহাত । তাই আমি নিজে থেকেই উদ্যোগ নিয়ে পরিষ্কার শুরু করেছি। আমার কাজ গুলো অব্যহত থাকবে।
রাজবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল হক বলেন, পুলিশ লাইনের সামনে একটি ময়লার ভাগাড় রয়েছে। আমাদের পৌরসভা এলাকায় একটা এনজিও বাসাবাড়ি থেকে ময়লা কালেকশন করে তারা ডাম্পিং স্টেশনে ফেলানোর কথা থাকলেও তারা ডাম্পিং স্টেশনে না ফেলে যেখানে সেখানে ফেলায়, যার কারণে পুলিশ লাইনের সামনে একটি ভাগাড় তৈরি হয়েছে।আমরা অতি দ্রুতই পুলিশ লাইনের সামনে থেকে ময়লার ভাগাড়টি পরিষ্কার করব।
এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার প্রশাসক ড. মো. মাহমুদুল হক বলেন, বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। ময়ালা আবর্জনা ডাম্পিং এর বিকল্প জায়গা খোঁজা হচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM