রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রশাসক নিয়োগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও তৎপরতা। প্রশাসক পদে একাধিক অভিজ্ঞ ও পরীক্ষিত নেতার নাম সামনে এলেও তৃণমূল নেতাকর্মী ও নগরবাসীর বড় অংশের আস্থা ও সমর্থন বেশি দেখা যাচ্ছে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের প্রতি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। ২০১৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন-কে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে দায়িত্ব পালনকালে বরখাস্ত ও কারাবন্দী হন। উচ্চ আদালতের রায় অনুকূলে এলেও আর মেয়রের চেয়ারে ফেরা হয়নি তার।
সরেজমিনে ৩০টি ওয়ার্ডে কথা বলে জানা গেছে, সাধারণ মানুষ মনে করছেন—ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলা ও আধুনিক নগর ব্যবস্থাপনায় তরুণ ও প্রযুক্তিবান্ধব নেতৃত্ব প্রয়োজন, আর সে জায়গায় বুলবুলের যোগ্যতা ও অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখছে।
তৃণমূলের অনেকের ভাষ্য, প্রশাসক পদে নগর উন্নয়ন ও সেবার গতি বাড়াতে এমন নেতৃত্ব দরকার, যিনি রাজনীতি ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই দক্ষ। বুলবুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করেছে বলে অনেকে মত দেন। তাদের মতে, তিনি সংগঠন পরিচালনায় দক্ষ এবং তৃণমূলের সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে, যা নগর প্রশাসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বুলবুল এক সাক্ষাৎকারে বলেন, দল যদি তাকে যোগ্য মনে করে, তবে দায়িত্ব পালনে প্রস্তুত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠন পরিচালনার দক্ষতা প্রশাসক হিসেবে কাজে আসতে পারে—এমন মতও রয়েছে দলের ভেতরে।
নগরবাসীর অনেকেই মনে করছেন, প্রশাসক হিসেবে বুলবুলের নেতৃত্ব প্রয়োজন—যিনি আধুনিক প্রযুক্তি ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে পারবেন। সেই দৃষ্টিতে বুলবুলের নাম সামনে আসায় আলোচনা আরও জোরালো হয়েছে। সমর্থকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তাকে প্রশাসক পদে যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করে।
চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে রাসিকে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নগরবাসীর প্রত্যাশা—যে-ই দায়িত্ব পান, নগর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM