
স্টাফ রিপোর্টা কৃষ্ণ কুমার সরকারঃ
দীর্ঘ ১৮ মাস পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের সামনে টানানো হয়েছে অফিস উদ্বোধনের একটি সাইনবোর্ড (ব্যানার)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, সকাল ১০টার দিকে তিনি কার্যালয়ের সামনে একটি ট্রাক থেকে ভ্যানে মালামাল তুলছিলেন। এ সময় আনুমানিক ১৭-১৮ বছর বয়সী দুই যুবক এসে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে এবং একটি ব্যানার টানিয়ে রেখে যায়। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে।
সরেজমিনে দেখা যায়, টানানো ব্যানারটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নামে। ব্যানারে উল্লেখ রয়েছে, কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় অফিসের শুভ উদ্বোধন করা হলো।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে কার্যালয়টিতে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি বলে স্থানীয়রা জানান। প্রায় ১৮ মাস পর হঠাৎ পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টানানোকে ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের বিষয়টি জানার পর থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।